সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ‘ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সম্প্রতি এক বক্তব্যে অন্তর্বর্তী সরকারে থাকাকালে আসিফ নজরুলের ভূমিকা এবং প্রতিশ্রুতি ভঙ্গের তীব্র সমালোচনা করে এই দাবি জানান তিনি।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষক হিসেবে সম্মান করলেও রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তি হিসেবে আসিফ নজরুল একজন প্রতারক।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে পদচ্যুত করার ব্যাপারে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করলেও পরবর্তীতে সেই প্রতিশ্রুতি রাখেননি। এমনকি সরকার গঠনের সময় এবং বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের সাথে আলোচনার প্রক্রিয়ায় বিভিন্ন বিষয়ে তিনি গোপনে নানা কলকাঠি নেড়েছেন বলেও দাবি করেন এই এনসিপি নেতা।
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ক্ষমতার বিন্যাসে আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পাটওয়ারী জানান, সেনানিবাসে যাওয়ার সময় তিনি নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে বঙ্গভবনে প্রবেশের সময় তাকে বাইরেই বসিয়ে রাখা হয়েছিল।
এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারে থেকে খামার তৈরি ও গবাদিপশু পালন নিয়ে করা আসিফ নজরুলের সাম্প্রতিক কর্মকাণ্ডেরও কড়া সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?


