...|...|...

সারাদেশ

পোস্টারে যুবদল নেতার ছবি

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৯
Shares
‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি’

পোস্টারে যুবদল নেতা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে গাঁজা-ইয়াবা ফ্রি দেওয়া হবে’- এমন ঘোষণাসংবলিত পোস্টার লাগানোকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্টারে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয় বলে জানা গেছে।

দেয়ালে সাঁটানো পোস্টারে লেখা রয়েছে, আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিবো।

পোস্টারে আরও লেখা হয়েছে, বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে- এমন নানা স্লোগান।

এমন পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।

বেলাল হোসেন অপেল নামের এক তরুণ ফেসবুক পোস্টে মন্তব্য করেন, আর কী বলবো।’ মো. রাজু নামের একজন লেখেন, ‘মাদক কত এবেলএবেল হলে এমন পোস্টার করা হয়।’ অন্যদিকে সজিব মাহমুদ নামের একজন মন্তব্য করেন, ‘এটি প্রতিহিংসা থেকে হতে পারে।

তবে পোস্টারে নিজের নাম ও ছবি ব্যবহারের ঘটনায় এটিকে নিজের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন মো. খোকন। তার অভিযোগ, স্থানীয় জামায়াত নেতাদের সাথে বিরোধের জেরে তাকে হেয় করতে এসব পোস্টার লাগানো হয়েছে।

সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, পাঁচ দিন আগে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে তার ছেলেকে চড় মারে। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করেছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

খোকন আরও বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করবেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, পোস্টার লাগানোর ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।