...|...|...

সারাদেশ

জেলখানায় জন্ম, ৭ বছর পর মুক্ত আকাশে মোবাশ্বেরা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৩
Shares
জেলখানায় জন্ম, ৭ বছর পর মুক্ত আকাশে মোবাশ্বেরা

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা মামলার আসামি ছিলেন কামরুন্নাহার মনি। গ্রেফতারের সময় সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। ওই অবস্থায় ২০১৯ সালে কারাগারে পাঠানো হয় তাকে। কারাগারেই জন্ম হয় এক কন্যাসন্তানের। নাম রাখা হয় মোবাশ্বেরা। জন্মের পর থেকে কারাগারে বেড়ে ওঠা সেই মোবাশ্বেরার বয়স এখন সাত বছর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কামরুন্নাহার মনি মুক্তিলাভ করেন। এ সময় তার সাত বছর বয়সী মেয়ে মোবাশ্বেরাও কারাগার থেকে বের হয়ে আসে।

মোবাশ্বেরার মা কামরুন্নাহার মনি গণমাধ্যমকে জানান, বিনা অপরাধে ৭ বছর কারাবরণের পর মুক্ত আকাশ সত্যিই ঈদের আনন্দের চেয়েও বেশি। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আজ আমার মোবাশ্বেরার ৭ বছর। কারাগারে প্রতিটি মুহূর্ত ছিল বিভীষিকাময়। এখন এই বিনা অপরাধের ৭ বছর কে ফিরিয়ে দেবে?

জানা গেছে, নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামি হলেন- মাকসুদ আলম, রুহুল আমিন, কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।