...|...|...

সারাদেশ

সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ, জবাবদিহির মুখে যুবদল নেতা বিপ্লব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:২২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৭
Shares
সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ, জবাবদিহির মুখে যুবদল নেতা বিপ্লব

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে টেলিভিশন সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। সাংবাদিকদের সাথে অসদাচরণের এ অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে পাঠানো নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি পাঠিয়েছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

নোটিশে বলা হয়, পৌর ইজারার টোল আদায়সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে অসদাচরণের অভিযোগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে কয়েকজন টেলিভিশন সাংবাদিকের গাড়ি আটকে ইজারার টাকা দাবি করার অভিযোগ ওঠে। সাংবাদিকদের ভাষ্য, তারা সংবাদ সংগ্রহের কাজে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়।

অভিযোগ রয়েছে, পরে আসাদুজ্জামান বিপ্লব ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন এবং তাদের মারতে উদ্যত হন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেন সংশ্লিষ্ট সাংবাদিকেরা।

তবে এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল মান্নান দুঃখ প্রকাশ করে জানান, তার কোনো ভাতিজা নেই। একই সাথে তিনি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের ব্যবস্থা নিতে বলেছেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলামও জানিয়েছেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা আদায়ের কোনো সুযোগ নেই। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানান।

অন্যদিকে, ইজারাদার জাবেদুল ইসলামও সাংবাদিকদের সাথে অসদাচরণের ঘটনায় আসাদুজ্জামান বিপ্লবকে ভর্ৎসনা করেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে আসাদুজ্জামান বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি।