আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়ে পৃথক আরেকটি চিঠি দিয়েছে মাউশি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটির বাইরে অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের ওই দিন প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

