...|...|...

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল কার্যকরে দেরি হতে পারে: মাউশি ডিজি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩২
Shares
এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল কার্যকরে দেরি হতে পারে: মাউশি ডিজি

মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে তাদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়ের সাথে নিয়মিত আলোচনা চলছে। দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হলেও কিছুটা বিলম্বের আশঙ্কা রয়েছে।

মাউশির মহাপরিচালক বলেন, আমরা চাই, শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। হয়তো কিছুটা দেরি হবে। তবে শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন, এটা নিশ্চিত।

এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি অক্টোবর মাসের বেতনের সাথে সরকারি চাকরিজীবীরা তিন মাসের বকেয়া বেতন পেতে পারেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আলাদা আদেশ জারি করা হবে। তবে সেই আদেশ কবে দেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যে মাউশির অধীন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

নতুন পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া ভাতা বাড়বে। বর্তমানে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পান। নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি হলে বেতন-ভাতার পরিমাণ ও অন্যান্য সুবিধার বিষয়টি স্পষ্ট হবে।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঠিক কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের পরবর্তী আদেশের ওপর।