২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য জানতে চান, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং এর বছরভিত্তিক হিসাব কী।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই সময়ে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩০৮টি শটগান, ৫ হাজার ৩৪৭টি পিস্তল, ৫৯৪টি রিভলভার, ৯৪৮টি রাইফেল এবং অন্যান্য শ্রেণিতে ৫ হাজার ৪৪৪টি লাইসেন্স রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বছরভিত্তিক হিসাব দেশের ৬৪টি জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে সংগ্রহ করে পাঠাতে হবে।
এ কারণে বছরওয়ারী পূর্ণাঙ্গ হিসাব দিতে সময় প্রয়োজন হওয়ায় প্রশ্নের আংশিক উত্তর সংসদে দেওয়া হয়েছে বলে জানান তিনি।



