...|...|...

জাতীয়

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, সকাল ৮:৪০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৮
Shares
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘চলুন সহজভাবে বুঝি’। এর মাধ্যমে হেপাটাইটিস সম্পর্কে ভুল ধারণা দূর করা, সচেতনতা বাড়ানো এবং রোগ প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা সহজলভ্য করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, হেপাটাইটিস বর্তমানে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের কারণে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। তবে সময়মতো টিকাদান, পরীক্ষা, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

তারেক রহমান জানান, দেশের বিভিন্ন অঞ্চলে লিভার রোগের বিশেষায়িত চিকিৎসা, আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালসহ বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করার মাধ্যমে দেশে উন্নত লিভার চিকিৎসার সক্ষমতা বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, লিভার সিরোসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য সরকারি আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে। পাশাপাশি রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা আধুনিকায়নে ‘ই-হেলথ কার্ড’ ও সমন্বিত রোগী তথ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রোগীর তথ্য সংরক্ষণ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং ধারাবাহিক চিকিৎসা কার্যক্রম আরও সহজ হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ নীতিতে সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। বিশেষায়িত চিকিৎসা, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা এবং দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যকর উদ্যোগ।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বেসরকারি সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সবার যৌথ প্রচেষ্টায় ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ আরও সফল হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও হেপাটাইটিসমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে।