...|...|...

আবহাওয়া

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৯ নদীবন্দরে ১ নম্বর সংকেত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, সকাল ৮:১২ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১১:৪১
Shares
৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৯ নদীবন্দরে ১ নম্বর সংকেত

ছবি: সংগৃহীত

ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কায় দেশের ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সাথে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।

এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।