...|...|...

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৭:০৭
Shares
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে লঘুচাপ সৃষ্টি হলেও আপাতত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টা সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সাথে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাসও নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে আগামী দুই দিনে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে না।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে। এ সময় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী দুই দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও লঘুচাপটির পরবর্তী গতিপ্রকৃতির ওপর আবহাওয়ার পরিবর্তন নির্ভর করবে।