...|...|...

জাতীয়

সংস্কার বাস্তবায়ন

অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনেক সীমাবদ্ধতা ছিল: সাখাওয়াত হোসেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫০
Shares
অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনেক সীমাবদ্ধতা ছিল: সাখাওয়াত হোসেন

এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনেক ভুল ও সীমাবদ্ধতা ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের দায়িত্ব তাদেরই নেওয়া উচিত ছিল।

আজ শনিবার রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এম সাখাওয়াত হোসেন বলেন, তারা ভেবেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু তার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা কঠিন। রাজনৈতিক চাপ ও নানা স্বার্থের কারণে সরকার সহজে এসব উদ্যোগ নিতে পারে না। তবে তাই বলে পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।

সাখাওয়াত হোসেন বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এ জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচনে টাকার প্রভাব কমানো এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এছাড়া নির্বাচনে প্রার্থীদের তথ্য প্রকাশ, নির্বাচনী ব্যয় কমানো, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনা জরুরি বলে উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা।