...|...|...

জাতীয়

হাসপাতাল-মেডিকেল কলেজে জিয়া, খালেদা ও তারেক রহমানের বই রাখার সেই নির্দেশনা বাতিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, রাত ১০:২৬
Shares
হাসপাতাল-মেডিকেল কলেজে জিয়া, খালেদা ও তারেক রহমানের বই রাখার সেই নির্দেশনা বাতিল

ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারে রাখার নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৭ সেপ্টেম্বর বই তিনটি কেনা ও গ্রন্থাগারে সংরক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম সই করা এক চিঠিতে আগের নির্দেশনা বাতিলের কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘২৭ সেপ্টেম্বরের জারিকৃত বই ক্রয়সংক্রান্ত পত্রটি বাতিল করা হল।’

মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারে তিনটি বই কেনা ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে গত ১৮ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগ আগের আদেশটি বাতিল করে।

বই তিনটি হলো মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’।

আগের নির্দেশনায় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারে বই তিনটি কেনা এবং সংরক্ষণের ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে নির্দেশনাটি বাতিলের কারণ সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম কোনো মন্তব্য করেননি।

নির্দেশনা বাতিলের কারণ জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আ. ন. ম. বজলুর রশীদও কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে রবিবার জানাবেন।