...|...|...

জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা আটকে, অবশেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, রাত ৮:৩১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, রাত ৮:৩২
Shares
যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা আটকে, অবশেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাপান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইট বিজি ৩৭৭।

এর আগে, সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমান সংস্থাটির উড়োজাহাজের ক্রু ও প্রকৌশল দল কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ার কথা জানান। এ জন্য তিনি দুঃখপ্রকাশও করেন।

গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক গুরুত্ব পায়।

সফরের অংশ হিসেবে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের তুলনায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট।