...|...|...

বিশ্ব

ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৫
Shares
ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে ডানপন্থি জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে টিকে থাকার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। মূলত ইহুদি ভোটারদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে শক্তিশালী সমর্থন পাওয়ায় বিরোধী দলগুলোর পক্ষে তাকে ক্ষমতাচ্যুত করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চীন মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোট গণনার প্রায় ৮৬ শতাংশ সম্পন্ন হওয়ার পর ইসরায়েলের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের পূর্বাভাসে জানানো হয়, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি, কট্টর ডানপন্থি ও অতি-ধর্মীয় দলগুলোর জোট ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও কোনো রাজনৈতিক পক্ষই সরকার গঠনের মতো জাদুকরি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ভোট গণনার এই দীর্ঘ প্রক্রিয়ায় ফলাফল কিছুটা বদলানোর সুযোগ থাকলেও, নির্বাচনের আগের জনমত জরিপগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস ছাপিয়ে নেতানিয়াহু-বিরোধী জোট আশানুরূপ ফল করতে পারেনি।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ মেয়াদের সম্ভাবনা

নতুন সরকার গঠনের লক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে জটিল দরকষাকষি চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এমনকি আগামী বছর পুনরায় আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্তও তাকে এই পদে দেখা যেতে পারে।

যদিও তত্ত্বাবধায়ক সরকারের কিছু সাংবিধানিক ও আইনি সীমাবদ্ধতা রয়েছে, তবুও ইরানের সাথে সংঘাতসহ যেকোনো জাতীয় নিরাপত্তার মতো অতি সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের হাতে বহাল থাকে।

ইসরায়েলি ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি এ প্রসঙ্গে জানান, আইনগতভাবে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের সমতুল্যই। তবে এ ধরনের সরকারকে অতিরিক্ত সংযত থাকতে হয় এবং নীতিগত কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের কিছুটা বাধ্যবাধকতা থাকে।

বুধবার দিনগত রাত ৩টার পর নিজের দল লিকুদের উল্লাসিত সমর্থকদের সামনে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় তিনি একটি ‘শক্তিশালী ও অবিচল ডানপন্থি জাতীয় সরকার’ গঠনের দৃঢ় আহ্বান জানান।