কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সমুদ্র মাইনে ধাক্কা লেগে তিনটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, দূরপাল্লার ট্যাঙ্কারগুলো অনুমোদনহীন ‘দক্ষিণাঞ্চলীয় রুট’ ব্যবহার করছিল। আগুনে ছড়িয়ে পড়ার পর জাহাজগুলো হরমুজ প্রণালীর দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় এর ক্রু ও কর্মীরা।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্কারগুলো তাদের সমস্ত রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। আইআরজিসি নৌবাহিনীর একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে তারা হরমুজ প্রণালীর অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল।
জাহাজগুলোতে আগুন লাগার পর সামুদ্রিক পরিবেশের ওপর এর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে উল্লেখ করে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর অননুমোদিত রুটটি বর্তমানে দূষিত হয়ে পড়েছে। ফলে এই নিষিদ্ধ পথে জাহাজ পরিচালনার সমস্ত দায়ভার এর মালিক ও ক্রুদের ওপরই বর্তাবে।
একই সাথে নৌপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাইবার স্পেসের ‘দিবাস্বপ্ন বা বিভ্রান্তিতে’ কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আইআরজিসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ওই অঞ্চলে যেকোনো ধরনের ‘উসকানিমূলক পদক্ষেপের’ বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে।


