বই পড়ি, মন গড়ি— এই দীপ্ত প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শ্রীমঙ্গল বই পড়া উৎসব-২০২৬।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শ্রীমঙ্গলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে দুই মাসব্যাপী পাঠ কার্যক্রমের ফলাফল প্রকাশ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটে। মোবাইল ফোনের আসক্তি কমিয়ে জ্ঞানচর্চায় আগ্রহী করতে এ ধরনের উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।
আটটি ক্যাটাগরিতে প্রথম হয়ে ল্যাপটপ জিতেছেন ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ এবং ফাতেমা সুলতানা। এছাড়া প্রতি ক্যাটাগরিতে আরও ৯ জন করে শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও বই উপহার দেওয়া হয়।
ল্যাপটপ বিজয়ী দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজশ্রী হালদার বলেন, ল্যাপটপ পেয়ে ভালো লাগছে, তবে সবচেয়ে বড় পাওয়া জ্ঞানের পরিধি বেড়েছে। আগে মোবাইলে সময় নষ্ট হতো, এখন বই পড়ে নতুন কিছু শিখছি। ‘জিবরাইলের ডানা’ ও ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’ পড়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, তিনটি পর্বে প্রায় ৩৮টি বই পড়ানো হয়। শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা ও তরুণ সমাজকে সুঅভ্যাসে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।


