চলতি বছর নোবেল পুরস্কারের আর্থিক পরিমাণ প্রতিটি ক্যাটাগরিতে ১০ লাখ সুইডিশ ক্রোনা বাড়িয়ে ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) সুইডিশ ক্রোনা করার সিদ্ধান্ত নিয়েছে নোবেল ফাউন্ডেশন। এর ফলে আগের বছরগুলোর তুলনায় প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কারের অর্থ ১০ লাখ সুইডিশ ক্রোনা বৃদ্ধি পেল।
নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হান্না স্টিয়ার্নে এ বিষয়ে বলেন, চলতি বছর আমরা নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকী উদযাপন করছি এবং এর সাথে সাথেই পুরস্কারের পরিমাণ ১০ লাখ বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। পুরস্কারের অর্থ বাড়িয়ে আমরা নোবেল পুরস্কারের দীর্ঘমেয়াদি গুরুত্ব বজায় রাখছি এবং সময়ের সাথে সাথে এর আর্থিক মান সুরক্ষিত রয়েছে তা নিশ্চিত করছি।
নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্যমতে, ১৯০১ সালে যখন প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল, তখন প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কারের পরিমাণ ছিল ১৫০,৭৮২ সুইডিশ ক্রোনা। গত ১৫ বছরে পুরস্কারের এই পরিমাণে বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়েছে। নোবেল ফাউন্ডেশনের আর্থিক ভিত্তি জোরদার করার বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে ২০১২ সালে নোবেল পুরস্কারের পরিমাণ ১ কোটি (১০ মিলিয়ন) এসইকে থেকে কমিয়ে ৮০ লাখ (৮ মিলিয়ন) এসইকে করা হয়েছিল। এরপর থেকে তিন দফায় পুরস্কারের অর্থ বাড়ানো হয়েছে। আর তারই ধারাবাহিকতায় ২০২৬ সালে এসে এর পরিমাণ বাড়িয়ে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা করা হলো।


