সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ব্যবহৃত একটি ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ইরাকের ভূখণ্ড থেকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) ইরাকের নিরাপত্তা ও গণমাধ্যম সেলের প্রধান সাদ মান এক বিবৃতিতে জানান, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইরাকি ভূখণ্ডের ভেতর থেকে ওই ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি শনাক্ত ও জব্দ করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)-তে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, জব্দ করা প্ল্যাটফর্মের বিষয়ে ফরেনসিক পরীক্ষা, প্রযুক্তিগত নথিপত্র সংগ্রহ, পর্যালোচনা ও বিশ্লেষণের কাজ চলছে।
সাদ মান আরও জানান, শুধু প্ল্যাটফর্ম জব্দ করাই নয়, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মাঠপর্যায়ের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সৌদি আরব ও ইরাক বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বজায় রেখে গোয়েন্দা ও নিরাপত্তা তথ্য বিনিময় করছে।
এর আগে শনিবার ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযান চালিয়ে যাচ্ছে।
আইএনএ আরও জানায়, ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি সীমান্তবর্তী এলাকায় ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম পাওয়ার পর ইরানের পক্ষ থেকে যৌথ তদন্তের অনুরোধ অনুমোদন করেছেন।
শুক্রবার সৌদি আরব জানিয়েছিল, ইরাক থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আঘাত হানে। এতে কয়েকজন আহত এবং স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধে ইরাক সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে আপাতত কোনো পাল্টা পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।


