...|...|...

জাতীয়

সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটিতে স্থগিত ও ব্যাহত হওয়া বিভিন্ন রুটে পুনরায় যাত্রীবাহী ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মামগামী ফ্লাইট চালু করা হয়েছে এবং আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটেও বিমান উড়বে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকেই ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট পুনরায় শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উ উড়োজাহাজ দিয়ে এই রুটের ফ্লাইট পরিচালনা করা হবে।

অন্যদিকে, ঢাকা-রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদ রুটের পরবর্তী সূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর দুটি এবং ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট পরিচালিত হবে। অন্যদিকে মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকেই বোয়িং ৭৮৭ দিয়ে স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল করছে এবং এই রুটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সবকটি রুটের ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী যেকোনো হালনাগাদ তথ্য বিমান যথাসময়ে জানিয়ে দেবে। টিকিট ক্রয়, বুকিং ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।