বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন জাওয়াদ আবরার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ণ করে প্রায় এক যুগ ধরে টিকে থাকা রেকর্ড ভেঙেছেন বরিশাল বিভাগের এই ক্রিকেটার।
এনসিএলের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে বরিশাল বিভাগের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৪ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাওয়াদ। এই ইনিংসের পথে মাত্র ২২ বলেই ফিফটি তুলে নেন তিনি। এর আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল অলরাউন্ডার জিয়াউর রহমানের দখলে।
২০১৪-১৫ মৌসুমে এনসিএলে খুলনা বিভাগের হয়ে বরিশালের বিপক্ষে মাত্র ২৪ বলে ফিফটি করেছিলেন জিয়াউর। দীর্ঘ সময় ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার ভেঙে দিলেন বরিশালেরই জাওয়াদ। দুই বল কম খেলে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই দ্রুততম ফিফটির রেকর্ড রয়েছে ভিন্ন ভিন্ন ক্রিকেটারের দখলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের মালিক পারভেজ হোসেন ইমন। ২০২৪-২৫ মৌসুমে মাত্র ১৫ বলে ফিফটি করে এই রেকর্ড গড়েন তিনি।
অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড হাবিবুর রহমান সোহানের। গত মৌসুমে মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন তিনি। এবার চলতি মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙল। এর মধ্য দিয়ে টানা তিন বছর ধরে বাংলাদেশের তিন ফরম্যাটেই দ্রুততম অর্ধশতকের রেকর্ডে পরিবর্তন দেখা গেল।


