...|...|...

খেলা

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৭
Shares
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ১৬ দলের এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

২১ জানুয়ারি ২০২৭ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন একই ভেন্যুতে অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। এ ছাড়া নেপালের কাঠমান্ডুতে শ্রীলঙ্কা-স্কটল্যান্ড ও ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের লড়াই।

দুইবারের চ্যাম্পিয়ন ভারত তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ২২ জানুয়ারি। কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দলটি। একই দিন স্বাগতিক নেপালের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। চট্টগ্রামে নিউ জিল্যান্ড মুখোমুখি হবে সামোয়ার, আর দক্ষিণ আফ্রিকা খেলবে পাকিস্তানের বিপক্ষে।

অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ‘ডি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

২৬ জানুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। মোট ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই পর্বে। দুই গ্রুপের সেরা দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এ পর্বের জন্য ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য ৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে বিকল্প দিন।

বাংলাদেশ ও নেপালের তিনটি শহরের চারটি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। বাংলাদেশের চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচ।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি

বাংলাদেশ-নেপাল, ২১ জানুয়ারি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ২৩ জানুয়ারি

বাংলাদেশ-নাইজেরিয়া, ২৫ জানুয়ারি