চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আফ্রিকার দেশ বেনিন। প্রতিপক্ষের জালে একের পর এক গোল করে টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিচ্ছে দলটি। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনিনের তরুণ ফুটবলাররা।
মঙ্গলবার (২০ অক্টোবর) চীনের সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের ওপর আধিপত্য বজায় রাখে বেনিন। তাদের গতিময় আক্রমণ সামাল দিতে ব্যর্থ হয় ভারতের রক্ষণভাগ। একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে। টুর্নামেন্টে এমন বড় ব্যবধানের জয় ঘিরে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল বেনিন। ভারতের বিপক্ষে ২৭ গোলের জয়ে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। বিপরীতে এখন পর্যন্ত প্রতিপক্ষের কাছ থেকে কোনো গোল হজম করেনি দলটি। টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ‘স্কুল চিটাহস’ নামে পরিচিত দলটি।
একই গ্রুপের অন্য ম্যাচে চীনের ‘টু’ দল ৬-০ গোলে হারিয়েছে কাতারকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৫-০ গোলের জয় পেয়েছিল স্বাগতিক দেশের এই দল। ফলে দুই ম্যাচ শেষে বেনিন ও চীন উভয় দলেরই পয়েন্ট ৬। তবে গোল ব্যবধানে বেশ এগিয়ে রয়েছে বেনিন। তাদের গোল ব্যবধান +৩৪, আর চীনের +২১।
অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে গ্রুপের তলানিতে রয়েছে ভারত ও কাতার। দুই দলেরই পয়েন্ট এখন শূন্য। এই টুর্নামেন্টে গ্রুপের শীর্ষ দুটি দল শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে। ফলে পরের ম্যাচের ফল যা-ই হোক, নকআউট পর্বে বেনিনের খেলা নিশ্চিত হয়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) সুজৌতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীনের ‘টু’ দলের মুখোমুখি হবে বেনিন। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সুযোগ রয়েছে তাদের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে চীনকে জিততেই হবে।
এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে অংশ নিচ্ছে বেনিন। এর আগে ২০২৩ সালের আসরে পঞ্চম এবং ২০২৪ সালে ১৯তম স্থান অর্জন করেছিল দলটি। এবার গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে নকআউট পর্বে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সেভেরিন দানহার শিষ্যরা।



