...|...|...

বিনোদন

‘জেলার ২’ দেখতে ভারতীয় ক্রিকেটারের পুরো সিনেমা হল বুক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৮
Shares
‘জেলার ২’ দেখতে ভারতীয় ক্রিকেটারের পুরো সিনেমা হল বুক

ছবি: সংগৃহীত

রজনীকান্তের অগণিত ভক্তের মধ্যে অন্যতম ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার সাঞ্জু স্যামসন। প্রিয় অভিনেতার নতুন সিনেমা ‘জেলার ২’ বড় পর্দায় দেখার জন্য এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। একাই কিনে নিয়েছেন পুরো সিনেমা হলের সব টিকিট। বন্ধুদের পাশাপাশি স্ত্রীকেও সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই ক্রিকেটার।

রজনীকান্তের প্রতি সাঞ্জুর ভালোবাসার কথা অজানা নয়। এর আগেও বিভিন্ন সময়ে দক্ষিণ ভারতীয় এই সুপারস্টারের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। তবে ব্যস্ততার কারণে এবার আর প্রিয় তারকার সিনেমা দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি।

সাঞ্জু জানান, আগের দিনই সিনেমাটি দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু দিল্লিতে একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে সাঞ্জু বলেন, ‘রজনী স্যারের সিনেমা দেখতে আমার দারুণ লাগে। আমি সবসময় তার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকি। তাই সময় পেলেই তার সিনেমা দেখতে চলে যাই। কালই দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু দিল্লিতে একটি অনুষ্ঠানে আটকে পড়ায় আর যাওয়া হয়নি।’

এবার সেই আক্ষেপ ঘোচাতেই পুরো হলের টিকিট কিনে নিয়েছেন তিনি। সাঞ্জু বলেন, ‘কপাল ভালো, আজ সুযোগ পেয়েছি। তাই হলের সব টিকিট কেটে নিয়েছি। আমি আমার বন্ধুদের সিনেমা দেখতে নিমন্ত্রণ করেছি। আমার স্ত্রীও থাকবে। রজনী স্যারকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছি।’

শুধু বন্ধু ও স্ত্রীই নন, ভারতীয় দলের কয়েকজন সদস্যকেও সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সাঞ্জু। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে দলের ব্যবস্থাপনায় থাকা তামিলভাষীদেরও আমন্ত্রণ জানান তিনি।

রজনীকান্ত অভিনীত ‘জেলার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর থেকেই এর সিকুয়েল নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে ‘জেলার ২’। সিনেমাটিতেও রজনীকান্তকে তার স্বভাবসুলভ তারকাসুলভ উপস্থিতি ও ‘লার্জার দ্যান লাইফ’ ভাবমূর্তিতে তুলে ধরা হয়েছে।