...|...|...

খেলা

ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সকাল ১০:২২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৫
Shares
ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে  আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর টাইগারদের সামনে এখন জয়ের পাশাপাশি নেট রান রেটের কঠিন হিসাব মেলানোর চ্যালেঞ্জ। শেষ ম্যাচে শুধু জয় পেলেই চলবে না, ফাইনালে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে ব্যবধানের দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে।

বুধবার (২১ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে জিতলে ফাইনালে ওঠার আশা থাকবে টাইগারদের। তবে সেই সম্ভাবনা কতটা বাস্তব হবে, তা নির্ভর করবে জয়ের ব্যবধান এবং নেট রান রেটের সমীকরণের ওপর।

জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করেছে আফগানিস্তান। নেট রান রেটে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে দলটির। অন্যদিকে, আফগানদের বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

এক ম্যাচে জয় পেয়ে বর্তমানে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। আর নিজেদের প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচে আগে ব্যাটিং করলে বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। আর রান তাড়া করতে নামলে জয়ের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ্যে পৌঁছাতে হবে। লক্ষ্য যত বড় হবে, ফাইনালের দৌড়ে এগিয়ে যেতে তত দ্রুত রান তুলতে হবে টাইগারদের।

সমীকরণ অনুযায়ী, বাংলাদেশ ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪১.১ ওভারের মধ্যে। আর ২৫০ রানের লক্ষ্য পেলে ৪১.৩ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে বাংলাদেশকে।

এ ছাড়া ২৬০ রানের লক্ষ্য তাড়া করলে ৪১.৪ ওভার, ২৭০ রানের ক্ষেত্রে ৪১.৫ ওভার, ২৮০ রানের ক্ষেত্রে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২.২ ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে টাইগারদের।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে আফগানিস্তান। সর্বশেষ ছয়বারের মুখোমুখিতে পাঁচটিতেই জয় পেয়েছে তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।

সব মিলিয়ে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু জয় তুলে নেওয়ার লড়াই নয়, বরং ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখারও বড় পরীক্ষা। আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেতে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে টাইগারদের।