নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আগ্রহ বাড়ছে। এবার বাংলাদেশের স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। এর আগে একই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে মেহেদীকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে পোখারা অ্যাভেঞ্জার্স। বাংলাদেশি এই অলরাউন্ডারকে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি। ভিডিওর সাথে দেওয়া বার্তায় তার টি-টোয়েন্টি বোলিংয়ের দক্ষতার প্রশংসা করা হয়। পাশাপাশি আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে মেহেদীর অষ্টম অবস্থানের কথা উল্লেখ করে আসন্ন আসরে তার পারফরম্যান্স নিয়ে প্রত্যাশা জানায় দলটি।
৩১ বছর বয়সী মেহেদী বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তার উইকেটসংখ্যাও ৭৮। অফ স্পিনে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখার পাশাপাশি নিচের দিকে ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য রয়েছে তার।
পোখারা অ্যাভেঞ্জার্সে মেহেদীর সাথে রয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। সাকিবের পাশাপাশি দলটিতে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা স্পিনার মোহাম্মদ রুবেল। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও দলে নেওয়ার আগ্রহ রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। তবে তার ফিটনেস পরীক্ষার বিষয়টি সামনে আসায় চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
মেহেদীকে দলে নেওয়ার ঘোষণা এলেও এনপিএলে অংশ নিতে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র প্রয়োজন। দেশের একটি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত এই অনুমতির অপেক্ষায় ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি চুক্তির ঘোষণা দিলেও মেহেদী বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এবারের এনপিএলে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের খেলার কথা রয়েছে। জিসান আলমকে দলে নিয়েছে বিরাটনগর কিংস। কর্নালি ইয়াকসের হয়ে মাঠে নামার কথা আকবর আলী ও আরিফুল ইসলামের। অন্যদিকে, লুম্বিনি লায়ন্সের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে শামীম হোসেন পাটোয়ারীর। তবে তার অংশগ্রহণও বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর নির্ভর করছে।
আগামী ২৬ অক্টোবর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। আসরের সব ম্যাচ কাঠমান্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে আয়োজন করা হবে।



