...|...|...

সারাদেশ

সোনাগাজীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪০
Shares
সোনাগাজীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন

আহত ছাত্রদলকর্মী মো. আসিফ। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে মো. আসিফ (২২) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাফায়াত (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আসিফের সাথে মিঝি বাড়ির সেলিম গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সেলিম ও মুন্সির নেতৃত্বে ৮-১০ জন যুবক আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ফেনীর একটি হাসপাতাল হয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।