কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মহানগর ছাত্রদলের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. মনজুরুল ইসলাম (৩০) ও তার সহযোগী মো. ছামির ইসলাম (২০)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসআরবি জানায়, গ্রেফতারের সময় তাদের তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতার ছামির ইসলাম কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে। অপরদিকে মনজুরুল ইসলাম একই থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযোগ ও গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা সংবাদকর্মীদের জানান, এই কমিটিগুলো পূর্ববর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে মনজুরুল ইসলামকে চেনেন না।
এসআরবি কুমিল্লার উপপরিচালক সালমান ইবনে আলম জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


