ভারত-চীন সীমান্ত ইস্যু নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম দফার বৈঠকে অংশ নিতে সোমবার (২৪ আগস্ট) চীন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার (২৫ আগস্ট) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর পিটিআইয়ের।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফর নিয়ে আলোচনার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। বেইজিং এখনো শি জিনপিংয়ের সফর নিশ্চিত না করলেও ইতিবাচক বার্তা দিচ্ছেন দুই দেশের কূটনীতিকেরা। ভারতে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারত ও চীনের ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দৈর্ঘ্যের বিতর্কিত সীমান্ত সমস্যার সমাধানে ২০০৩ সাল থেকে এই বিশেষ প্রতিনিধি পর্যায়ে আলোচনা চলছে। যদিও স্থায়ী কোনো সমাধান আসেনি, তবে সীমান্তে উত্তেজনা কমাতে ও দ্বিপক্ষীয় সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।
দোভাল ও ওয়াং ই সর্বশেষ গত বছরের আগস্টে তিয়ানজিনে এসসিও সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছিলেন।
আসন্ন সফরের আগে শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই দুই দেশের সুসম্পর্কের মূল চাবিকাঠি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও একই সুরে বলেন, সীমান্ত পরিস্থিতির ওপরই ভারত-চীন সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে।


