...|...|...

বিশ্ব

থাইল্যান্ডে একযোগে অর্ধ-শতাধিক স্থানে হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ৮:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৩৮
Shares
থাইল্যান্ডে একযোগে অর্ধ-শতাধিক স্থানে হামলা

ছবি: সংগৃহীত

অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে থাইল্যান্ডের সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা চালানো হয়েছে। সরকারি-বেসরকারি নানা স্থাপনা লক্ষ্য করে চালানো এসব হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) থাই সামরিক বাহিনী জানায়, নারাথিওয়াত, ইয়ালা ও পাত্তানি প্রদেশে শনিবার রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে এসব ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, দুষ্কৃতকারীরা সরকারি ভবন, দোকানপাট ও একটি চুরি করা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কয়েকটি স্থানে টেলিযোগাযোগ টাওয়ারেও অগ্নিসংযোগ করা হয়। নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় বোমা বিস্ফোরণে দুই নারী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নারাথিওয়াত প্রদেশে রাতভর সান্ধ্য আইন জারি রাখা হয়, যা আজ সকালে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কোনো সন্দেহজনক বস্তুতে হাত না দিতে বাসিন্দাদের সতর্ক করেছেন নিরাপত্তাকর্মীরা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

থাইল্যান্ডের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র গোষ্ঠী 'বারিসান রেভোলুসি ন্যাশনাল' দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে। ২০০৪ সাল থেকে চলা এই স্বল্পমাত্রার সংঘাতে এ পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

আগামী সপ্তাহে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও তার মন্ত্রিসভার দক্ষিণ সোংখলা প্রদেশ সফরের কথা রয়েছে। এর ঠিক আগেই এই সমন্বিত হামলার ঘটনা ঘটল।