...|...|...

সারাদেশ

সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১৯
Shares
সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট

ছবি: টাইমস টুডে

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে অনুষ্ঠানস্থলে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে সিলেট নগর ভবনের সংবর্ধনা মঞ্চ ও আশপাশের প্রাঙ্গণ হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল এই বিদ্যুৎহীন পরিস্থিতি। তবে এ সময় রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত এই নাগরিক সংবর্ধনায় যোগ দিতে দুপুর ২টা থেকেই আমন্ত্রিত অতিথিরা নগর ভবনে আসতে শুরু করেন। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং নগরের বিশিষ্ট নাগরিকেরা যখন আসন গ্রহণ করছিলেন, ঠিক তখনই পৌনে ৩টার দিকে আকস্মিক বিদ্যুৎ চলে যায়। গুরুত্বপূর্ণ এই আয়োজনে বিদ্যুৎ না থাকায় উপস্থিত অতিথিদের মাঝে কিছুটা বিভ্রান্তি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রায় সোয়া ৩টার দিকে বিকল্প ও মূল সংযোগ সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

গুরুত্বপূর্ণ এই ভেন্যুতে বিদ্যুৎ চলে যাওয়া প্রসঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন জানান, এটি কোনো পরিকল্পিত লোডশেডিং ছিল না।

তিনি বলেন, রাষ্ট্রপতির অনুষ্ঠানে লোডশেডিং করার তো কোনো প্রশ্নই ওঠে না। মহামান্য রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আজ পুরো সিলেটেই কোনো লোডশেডিং রাখা হয়নি। এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বা স্থানীয় কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটে থাকতে পারে।

 তিনি আরও যোগ করেন, সঞ্চালন লাইনে কিছুটা লো-ভোল্টেজের জটিলতা ছিল, যা তাৎক্ষণিকভাবে ঢাকার কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় করে সমাধান করা হয়েছে।

এর আগে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ সফরে তার সাথে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

সকালে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি সার্কিট হাউজে গিয়ে স্বল্প সময়ের বিরতি নেন তিনি।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাহ গেট এলাকায় সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। সেখান থেকে শহরতলির খাদিমপাড়ায় হযরত শাহ পরান (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত সম্পন্ন করেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন। মাজার জিয়ারত শেষে বিকেলে সিসিকের নাগরিক সংবর্ধনায় যোগ দিতে নগর ভবনের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।