...|...|...

বিশ্ব

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৩
Shares
সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৭

ছবি: সংগৃহীত

সিরিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য জানিয়েছে।

সানার প্রতিবেদনে বলা হয়, হোমস প্রদেশের মাসিয়াপ সেতু পার হওয়ার সময় ‘অজ্ঞাত দুর্বৃত্তরা’ বাসটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন। নিরাপত্তা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ছোট বাসটি পরীক্ষা করছেন—এমন বেশ কিছু ছবিও প্রকাশ করা হয়েছে।

হোমস প্রদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মোহাম্মদ শাবান জানিয়েছেন, আক্রান্ত গাড়িটি একটি কোম্পানির কর্মীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া একটি বেসামরিক বাস ছিল।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা এই কাপুরুষোচিত হামলাকে হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা হিসেবে দেখছি। এই অপরাধের বিচারহীনতা থাকবে না। অপরাধীদের গ্রেফতার করে বিচার বিভাগের সামনে দাঁড় করিয়ে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা পর্যন্ত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী তাদের সন্ধান চালিয়ে যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার কর্তৃপক্ষকে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সেই সময় থেকেই দামেস্ক ও এর উপকণ্ঠ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।