...|...|...

জাতীয়

সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ৮:০২ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, রাত ১০:১৯
Shares
সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান

ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন রাজধানীর তেজগাঁওয়ের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা বিভাগ।

শনিবার (৩ অক্টোবর) বিকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ক্লাবটিতে অভিযান শুরু করে এসআরবি এবং এনবিআরের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) একটি দল।

জানা গেছে, ফুয়াং ক্লাব ও বারটির মালিক শেখ নূর ইসলাম। তিনি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর। দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে শনিবার নতুন করে কী অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফুয়াং ক্লাবে অভিযান পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর মাত্র দুই দিন আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর), রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজেও যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগ খতিয়ে দেখা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে।

অভিযানে অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে শেখ নূর ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট মোট চারটি গুদাম সিলগালা করা হয়। এর মধ্যে দুটি গুদামের বৈধ অনুমোদন ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।