কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে- এমন স্থানগুলো চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কারা অপরাধের সাথে জড়িত, তা যাচাই-বাছাই করছে পুলিশ। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।


