মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপযুক্ত সার্ভারের দাম ১৫ শতাংশের বেশি বাড়ানোর পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বজুড়ে এআই অবকাঠামো নির্মাণে ব্যয় বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে সেমাফোর জানিয়েছে, এনভিডিয়া ইতোমধ্যে তাদের কয়েকজন বড় গ্রাহককে সম্ভাব্য মূল্যবৃদ্ধির বিষয়ে অবহিত করেছে। কিছু ক্ষেত্রে এআই সার্ভারের দাম ১৫ শতাংশেরও বেশি বাড়তে পারে।
বিশ্বজুড়ে এআই প্রযুক্তি ও ডেটা সেন্টার অবকাঠামোতে বিপুল বিনিয়োগের ফলে মেমোরি চিপের চাহিদা দ্রুত বাড়ছে। এতে চিপ নির্মাতাদের দর-কষাকষির ক্ষমতা বেড়েছে এবং এর প্রভাব পড়ছে এআই অবকাঠামো তৈরির খরচে।
এদিকে এআই খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় বিনিয়োগের পরিকল্পনাও করছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি এআই স্টার্টআপ পুলসাইডের প্রযুক্তি লাইসেন্স নিতে প্রায় ৬০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে ওপেন-ওয়েট এআই মডেল তৈরির উদ্যোগ নেওয়া হতে পারে।
এনভিডিয়ার এই পদক্ষেপের ফলে এআই খাতে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। বিশেষ করে চীনের ডিপসিক ও মুনশটের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাথে প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উন্নত এআই মডেল ব্যবহারের খরচ নিয়েও প্রযুক্তি খাতে চাপ বাড়ছে। অ্যানথ্রপিকের যুক্তরাষ্ট্রের কিছু গ্রাহক ব্যয় কমাতে শক্তিশালী মডেলের পরিবর্তে তুলনামূলক কম খরচের বিকল্প বেছে নিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে উন্নত এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক মডেল ও ভবিষ্যৎ আয় নিয়েও নতুন প্রশ্ন উঠছে।


