সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাছে দেশটির সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি রাশিয়ার তৈরি মিগ-২৯ মডেলের বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলগ্রেডের উত্তর-পশ্চিমে স্তারা পাজোভা ও নোভা পাজোভা এলাকার মধ্যবর্তী একটি মাঠে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ ও সামরিক পুলিশের সদস্যরা।
তবে সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো পাইলটের মৃত্যুর খবর কিংবা বিধ্বস্ত বিমানটি মিগ-২৯ কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এ ছাড়া যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। নিহত বলে খবর পাওয়া পাইলটের পরিচয়ও প্রকাশ করা হয়নি।


