সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান আলী জানান, তাদের কার্যালয় লক্ষ্য করেই এই নাশকতা করা হয়েছে।
এদিকে সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার এবং এসআই মতিনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দুটি অবিস্ফোরিত বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। হামলার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখে দ্রুত গ্রেফতার করা হবে।


