সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্ধারিত অধিকার না থাকা সত্ত্বেও পতাকা প্রদর্শন, সূর্যাস্তের পরও ঝুলিয়ে রাখা এবং সঠিক আকার ও রং না মানার মতো নানা অনিয়ম নজরে আসার পর এই নির্দেশনা দেওয়া হলো।
সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবের কাছে এসংক্রান্ত চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠিতে উল্লেখ করা হয়, কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের যোগ্য বা অধিকারী না হয়েও নিজ অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে পতাকা প্রদর্শন করছেন।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া জাতীয় পতাকা কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শনের বিধান রয়েছে। তবে বেশ কিছু অফিসে দিন-রাত সার্বক্ষণিকভাবে পতাকা ঝুলিয়ে রাখতে দেখা যাচ্ছে, যা বিধিমালার পরিপন্থী।
এ ছাড়া পতাকার নির্দিষ্ট আকার, অনুপাত ও রং অমান্য করে কার্যালয়ের অভ্যন্তরে সাজসজ্জা বা অলংকরণ হিসেবে ব্যবহার এবং ব্যক্তিগত বা দাপ্তরিক পটভূমি হিসেবে জাতীয় পতাকার ব্যবহারের অনিয়মও উঠে এসেছে চিঠিতে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ ধরনের অবহেলা ও অনিয়ম ‘বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২’ ও জাতীয় পতাকা বিধিমালার সরাসরি লঙ্ঘন। জাতীয় পতাকার সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

