...|...|...

জাতীয়

ইতিহাসে প্রথম অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত: মীর শাহে আলম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৭
Shares
ইতিহাসে প্রথম অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

দেশে এবার ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, দেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে তিনটি আলাদা অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার হোটেল মম-ইনের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি আলাদা অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন।

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের পকেটের লোক মনে করত। সেই অবস্থান থেকে বেরিয়ে এসে তারা বিএনপির প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন।

মীর শাহে আলমের দাবি, হিন্দু সম্প্রদায়ের মানুষের এই আস্থার প্রতিফলন দেখা গেছে পূজামণ্ডপের সংখ্যায়ও। এবার সারা দেশে প্রায় ১২০০টি অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষের সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা একসাথে পূজামণ্ডপগুলো পাহারা দিয়েছেন। তাদের সম্মিলিত উদ্যোগেই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।