...|...|...

জাতীয়

জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী সচিব, ঢাকায় রাষ্ট্রদূত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৭
Shares
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী সচিব, ঢাকায় রাষ্ট্রদূত

বাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সফরের কূটনৈতিক বিষয়গুলো তদারকি ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে গতকাল জাপানে পৌঁছেছেন নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর চলাকালে টোকিওতে অবস্থান করে দ্বিপক্ষীয় বিষয়গুলোর তদারকি ও প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তার দায়িত্ব পালন করবেন তিনি।

সফরকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি জাপান থেকে ঢাকায় ফিরেছেন।

সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হলেও প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিমূলক কার্যক্রমে তাকে যুক্ত রাখা হয়নি।

সাধারণত কোনো দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের সময় সেখানে নিযুক্ত রাষ্ট্রদূত কূটনৈতিক সমন্বয় ও আনুষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে বিবেচনায় প্রধানমন্ত্রীর সফরকালে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার ঘটনা খুবই বিরল।