...|...|...

খেলা

শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ৮:২৫
Shares
শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

একেবারে শেষ মুহূর্তের রোমাঞ্চকর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের কিশোরীরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের করা অসাধারণ গোলে উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরুতেই চমক দেখায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। চার মিনিটের মাথায় মাঝমাঠ থেকে ফাতেমার পাসে বল পান পূর্ণিমা মারমা। এরপর তার বুদ্ধিদীপ্ত চিপ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন মোসাম্মৎ আলমিনা। তবে ১৭ মিনিটে আইরিন খাতুনের ভুলের সুযোগ নিয়ে উজবেকিস্তানের লারাঙ্গিজ লাকায়েভা গোল করে খেলায় সমতা ফেরান।

বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। নির্ধারিত সময়ে সমতা বজায় থাকলেও অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ঘটে আসল নাটক। সুরভী রানির দুর্দান্ত থ্রু পাস ধরে উজবেক গোলকিপারকে একা পেয়ে যান রুনা। ভুল না করে ঠাণ্ডা মাথায় শটে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি।

টানা দুই হারে উজবেকিস্তানের বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে। আগামী রবিবার (১১ অক্টোবর) ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর চীনে অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বের টিকিট কাটবে লাল-সবুজের মেয়েরা।