...|...|...

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের বিপক্ষে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৪
Shares
পাকিস্তানের বিপক্ষে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ছবি: সংগৃহীত

গ্যালারিভর্তি দর্শকের গর্জন আর ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন—সবকিছু মুহূর্তেই রূপ নিল বিষাদে। ম্যাচের ঘড়িতে তখন ৮৫ মিনিট পেরিয়ে গেছে। অতিরিক্ত সময়ের রোমাঞ্চের প্রহর গুনছিল জাতীয় স্টেডিয়াম। ঠিক তখনই বজ্রপাতের মতো আঘাত হানল পাকিস্তান।

৮৬ মিনিটে আবদুল সামাদের নিখুঁত শটে বল জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। শেষ মুহূর্তের এই এক গোলেই স্বাগতিক বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেল পাকিস্তান।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে একে অপরকে লড়াইয়ের বার্তা দেয় দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে পাকিস্তানের আলী উজাইরের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। শুরুতে কিছুটা চাপ থাকলেও দ্রুতই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ।

প্রথমার্ধের সবচেয়ে সুবর্ণ সুযোগটি আসে ২৩ মিনিটে। শমিত সোমের হেড থেকে বক্সের ভেতরে বল পেয়ে রাকিব হোসেন শট নিলেও তা ফিরিয়ে দেন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট। ৩২ মিনিটে ভাগ্যের সহায়তায় বড় বাঁচা বেঁচে যায় স্বাগতিকেরা; পাকিস্তানের আবদুল সামাদের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির আগে রাকিব ও শুকি ইতোফুসার পায়ে আরও কিছু সুযোগ তৈরি হলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও সমানে সমান লড়াই চালিয়ে যায় দুই দল। ৭৫ মিনিটে আদিল নবীর নিচু শট এবং ৮৫ মিনিটে আলী খানের প্রচেষ্টা রুখে দিয়ে গোলবার আগলে রেখেছিলেন শ্রাবণ। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণী ভুলটি হয় ঠিক এর পরই। গোলকিপার শ্রাবণের থ্রো থেকে বল পেয়ে হাইয়ান খাট্টাক দারুণ এক পাস বাড়ান আবদুল সামাদের উদ্দেশ্যে। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান সামাদ।

গোল হজম করার পর বাকি সময়ে আপ্রাণ চেষ্টা চালিয়েও আর সমতায় ফিরতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ বাঁশি বাজতেই মাঠে কান্নায় ভেঙে পড়েন স্বাগতিক ফুটবলাররা। এই জয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথমবার ফাইনালে নাম লিখাল পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।