...|...|...

আইন ও আদালত

ট্রাকচালক হোসেন হত্যা

শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫৩
Shares
শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কারান্তরীণ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। একইসাথে আগামী ২৫ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামের আরও দুজন আহত হন।

নিহত হোসেনের মা মোসাম্মৎ রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

পরে পুলিশ মামলাটি তদন্ত করে। তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুসহ অন্যরা।

অন্যদিকে, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এ ছাড়া জামিনে রয়েছেন ১০ জন আসামি।

আগামী ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে।