...|...|...

জাতীয়

ভারতের সাথে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১২:১৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, রাত ১:১৮
Shares
ভারতের সাথে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ভারতের সাথে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরবে বাংলাদেশ।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, অক্টোবরের শেষদিকে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ঢাকা। তবে দুর্গাপূজা উপলক্ষে নভেম্বরের শুরুতে বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করে নয়াদিল্লি।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোট পাঠিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানায় বাংলাদেশ। পরে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরও তাকে ফেরত চেয়ে ভারতের কাছে নতুন করে অনুরোধ জানানো হয়।

কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগেই দুই দেশের মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু আলোচনার পাশাপাশি তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নানা কারণে আলোচনায় রয়েছে। এমন পরিস্থিতিতে আসন্ন সংলাপে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের অবস্থান এবং আলোচনার ফলাফল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।