মক্তবের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষক মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে ওই আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালিত হয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মুছা মিয়া মক্তবটি পরিচালনা করেন।
২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের ছাত্রী স্থানীয় এক কিশোরীকে (১৫) মসজিদের ভেতরে কৌশলে ধর্ষণ করে ইমাম মুছা মিয়া। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়েরে করেন।
ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর আসামির উপস্থিতিতে রবিবার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাক্ষীদের জবানবন্দি এবং বিভিন্ন তথ্য উপাত্তে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।


