...|...|...

সারাদেশ

শুক্রবার নীলফামারী সফরে যাচ্ছেন পানিসম্পদমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬, সকাল ৭:৩২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ১১:০০
Shares
শুক্রবার নীলফামারী সফরে যাচ্ছেন পানিসম্পদমন্ত্রী

উত্তরাঞ্চলের নদ-নদী ও সেচ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে শুক্রবার (১৯ জুন) নীলফামারী সফরে আসছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সফরে তিনি জেলার বিভিন্ন নদী ও গুরুত্বপূর্ণ সেচ খাল পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর অগ্রগতি ও বিদ্যমান সমস্যা সম্পর্কে অবহিত হবেন।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে মন্ত্রী চিকলী নদী, বগুড়া সেচখাল, করতোয়া নদী এবং রংপুর সেচ খাল পরিদর্শন করবেন। দুপুরের পর তিনি তিস্তা নদী, তিস্তা প্রধান সেচ খাল, দিনাজপুর সেচখাল ও ধাইজান নদী পরিদর্শন করবেন।

জানা গেছে, পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রণালয়, ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সাথে থাকবেন। তারা নদীগুলোর নাব্যতা, পানিপ্রবাহ, সেচ সুবিধা, পুনঃখনন কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরবেন।

উত্তরাঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতিতে তিস্তা অববাহিকা ও সংশ্লিষ্ট সেচ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে শুষ্ক মৌসুমে পানির সংকট, নদীর নাব্যতা হ্রাস এবং বিভিন্ন স্থানে ভাঙনের কারণে কৃষক ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ এবং সম্ভাব্য করণীয় নির্ধারণে মন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মন্ত্রীর এ পরিদর্শনের মাধ্যমে উত্তরাঞ্চলের নদী ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, সেচ সুবিধার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পানি সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণের পথ আরও সুগম হবে।