ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত ছাড়া জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।
সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২-এর সঙ্গে দুটি নতুন ধারা যুক্ত করে মা-বাবার কাছ থেকে সন্তানদের সম্পত্তি দানের যে নতুন পদ্ধতি আনা হয়েছে, তা আপাতদৃষ্টিতে সুন্দর মনে হলেও এর অপব্যবহার হতে পারে। এর মাধ্যমে কোনো কোনো উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দিয়ে অন্যদের বঞ্চিত করার সুযোগ তৈরি হবে। ফলে শরিয়াহসম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হতে পারে এবং হানাফি ফিকহের প্রচলিত হেবা ধারণার সঙ্গে গুরুতর বিতর্ক সৃষ্টি করতে পারে।
সংশোধিত আইনটি শরিয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা সরকারের উচিত ইসলামী আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা। শরিয়াহ অনুমোদন করে না—এমন কোনো আইন বাংলাদেশে আর গ্রহণযোগ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

