বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জনগণের ভোটে দেওয়া গণভোটের রায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই। জনগণের সেই রায় বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি সরকারের বৈধতার প্রশ্নের সাথেও জড়িত বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার সাতমাথার খোকন পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা মামুন রাহমানী।
মামুনুল হক বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে, একই তফসিল অনুযায়ী এবং একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে দুটি নির্বাচনের ফলও ঘোষণা করা হয়েছে। তাই একটি নির্বাচনের ফলকে বৈধ এবং অন্যটির ফলকে অবৈধ বলার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতেই গণভোটের সিদ্ধান্ত হয়েছিল। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর জুলাই সনদ প্রণয়ন এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা সামনে আসে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর গণভোটের রায় উপেক্ষা করা হলে তা জনগণের প্রত্যাশার সাথে প্রতারণার শামিল হবে বলে দাবি করেন তিনি।
সরকারের উদ্দেশে খেলাফত মজলিসের আমির বলেন, এখনো বিষয়টি নিয়ে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে তাদের প্রত্যাশা বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
সংবিধান সংস্কারের প্রসঙ্গে মামুনুল হক বলেন, শুধু সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা হলে ভবিষ্যতে অন্য কোনো সরকার তা বাতিল বা পরিবর্তন করতে পারে। তাই এমন সংস্কার প্রয়োজন, যা দীর্ঘমেয়াদে কার্যকর থাকবে এবং সহজে পরিবর্তন করা যাবে না।
তিনি বলেন, দুর্বল বা সাময়িক কোনো পরিবর্তন নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও কার্যকর সংস্কার প্রয়োজন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আলেম-ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মামুনুল হক। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আলেম সমাজের ভূমিকা ও ত্যাগের কথা তুলে ধরে তিনি নতুন বাংলাদেশে ইসলামী রাজনৈতিক নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলামপন্থীদের মধ্যে বিভেদ ও সংঘাত তৈরি করার চেষ্টা হতে পারে। এক পক্ষকে অন্য পক্ষের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে ইসলামী রাজনৈতিক শক্তির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ।
এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।


