...|...|...

খেলা

রোসারিও থেকে বিশ্বজয়, অর্জনের পাতায় যত ইতিহাস মেসির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৪
Shares
রোসারিও থেকে বিশ্বজয়, অর্জনের পাতায় যত ইতিহাস মেসির

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল ও ৬৯ অ্যাসিস্ট করা এই তারকা রেখে গেলেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক ও যুব বিশ্বকাপ জয়ের স্মৃতি। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি আর্জেন্টিনাকে একাধিক বড় শিরোপা এনে দিয়ে জাতীয় দলের ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।

বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষ হয়েছে মেসির আর্জেন্টিনা অধ্যায়। ম্যাচটি ছিল জাতীয় দলের হয়ে তার শেষ উপস্থিতি। বিদায়ী ম্যাচেও নিজের ছাপ রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। ফলে গোল ও অ্যাসিস্ট দিয়ে স্মরণীয়ভাবেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা এখন ১২৬। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে। তবে তার অর্জনের পরিধি শুধু গোল-অ্যাসিস্টের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে শিরোপা জিতেছেন তিনি।

বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান

মেসির ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত সাফল্য আসে ২০২২ সালের কাতার বিশ্বকাপে। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পূর্ণতা পায় মেসির দীর্ঘদিনের স্বপ্ন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জেতেন গোল্ডেন বল।

এর আগে ২০১৪ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। জার্মানির কাছে হেরে সেবার শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে দুইবার গোল্ডেন বল জেতা একমাত্র খেলোয়াড় মেসি।

২০২৬ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় দলটি। ওই আসরে মেসির হাতে ওঠে সিলভার বল।

কোপা আমেরিকাতেও সাফল্য

সিনিয়র জাতীয় দলের হয়ে বড় শিরোপার অপেক্ষা শেষ হয় ২০২১ সালে। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ট্রফি জেতেন মেসি। এর তিন বছর পর ২০২৪ সালেও আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি আর্জেন্টিনা। দুই আসরেই রানার্সআপ হয় দলটি। ব্যক্তিগতভাবে অবশ্য ২০১৫ ও ২০২১ সালে গোল্ডেন বল এবং ২০২১ সালে গোল্ডেন বুট জেতেন মেসি।

বয়সভিত্তিক দল ও অলিম্পিকেও শিরোপা

আর্জেন্টিনার হয়ে মেসির শিরোপা জয়ের যাত্রা শুরু হয়েছিল আরও আগে। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেন তিনি। সেই আসরে ব্যক্তিগত নৈপুণ্যে গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটি পুরস্কারই জেতেন মেসি।

এরপর ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ফলে জাতীয় দলের বিভিন্ন পর্যায়ে তার অর্জনের তালিকায় রয়েছে যুব বিশ্বকাপ, অলিম্পিক, কোপা আমেরিকা ও বিশ্বকাপের শিরোপা। ক্যারিয়ারে রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি।

সব মিলিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির অধ্যায় শেষ হলো অসংখ্য রেকর্ড, গোল, অ্যাসিস্ট ও শিরোপার স্মৃতি নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছেন, পাশাপাশি কোপা আমেরিকা ও অন্যান্য আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন। বিদায়ী ম্যাচেও গোল ও অ্যাসিস্ট করে তিনি যেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পাতাটিও লিখলেন নিজের স্বভাবসুলভ ছন্দে।