...|...|...

খেলা

রোনালদোর ৭ নম্বর জার্সি এখন লেয়াওয়ের গায়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫৫
Shares
রোনালদোর ৭ নম্বর জার্সি এখন লেয়াওয়ের গায়ে

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর ৭ নম্বর জার্সি পরে আবেগে ভেসেছেন পর্তুগালের ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। ছোটবেলা থেকেই রোনালদোকে নিজের আদর্শ মানা লেয়াওয়ের কাছে জাতীয় দলের হয়ে প্রিয় তারকার আইকনিক জার্সি পরার মুহূর্তটি হয়ে উঠেছে বিশেষ এক স্মৃতি। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোনালদো পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর তার ৭ নম্বর জার্সিটি ফাঁকা হয়ে যায়। নেশনস লিগে উয়েফার নিয়ম অনুযায়ী, স্কোয়াডে ১ থেকে ২৩ নম্বরের মধ্যেই জার্সি নম্বর রাখতে হয়। ফলে রোনালদোর ৭ নম্বর জার্সি অন্য একজনকে দিতে হয় এবং সেই সুযোগ পান লেয়াও। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেয়াও বলেন, ‘৭ নম্বর জার্সি পরা আমার জন্য বিশেষ কিছু ছিল, কারণ ছোটবেলা থেকেই ক্রিশ্চিয়ানো আমার আদর্শ।’

রোনালদোকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যেই পর্তুগাল শিবিরে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। কোচ হোর্হে জেসুসের সাথে টানাপোড়েনের মধ্যে নিজের সিদ্ধান্তেই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান পর্তুগিজ তারকা।

রোনালদোর অনুপস্থিতিতে তার ৭ নম্বর জার্সি গায়ে জড়ানোর সুযোগ আসে লেয়াওয়ের সামনে। আর সেটিই তার জন্য বিশেষ হয়ে ওঠে, কারণ ছোটবেলা থেকেই রোনালদোকে অনুসরণ করে বড় হয়েছেন তিনি।

ক্লাব ফুটবলেও অবশ্য ৭ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে লেয়াওয়ের। ক্যারিয়ারে মাত্র একবার এই নম্বরের জার্সি গায়ে তুলেছিলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে ফরাসি ক্লাব লিলে খেলার সময় ৭ নম্বর জার্সি পরেছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।