...|...|...

খেলা

ক্লাবে সাদ-সোহেলের ছবি নিয়ে নতুন মোড়, মুখ খুললেন ছবিতে থাকা নারী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৪
Shares
ক্লাবে সাদ-সোহেলের ছবি নিয়ে নতুন মোড়, মুখ খুললেন ছবিতে থাকা নারী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইটক্লাবের ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন ইন্দোনেশিয়ার নারী আলানা। ভাইরাল হওয়া ছবি ও ভিডিও নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করে তিনি জানিয়েছেন, সেগুলো সাম্প্রতিক নয়  প্রায় দুই মাস আগে নেপালে ধারণ করা হয়েছিল।

শুক্রবার (২ অক্টোবর) এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে আলানা বলেন, ছবি ও ভিডিওগুলো নেপালে তোলা। তার ভাষায়, ‘শুধু স্পষ্ট করে বলতে চাই, ছবি ও ভিডিওগুলো দুই মাস আগে নেপালে তোলা। সেখানে আমি সত্যিই ভালো মনের ও পেশাদার কিছু বন্ধুর সাথে দেখা করেছিলাম।’

আলানা আরও লিখেছেন, ‘পোস্টগুলোর কারণে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে আমি দুঃখিত। আমি সব সময়ই দেরিতে পোস্ট করি। ভ্রমণের সময় খুব কমই কিছু শেয়ার করি। কারণ আমি নিজের অবস্থান গোপন রাখতে এবং মুহূর্তটা উপভোগ করতে পছন্দ করি। এটুকুই।’

আসিয়ানের কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারে বাংলাদেশ। টুর্নামেন্টে দলের দ্বিতীয় ম্যাচে এই বড় পরাজয়ের পরই বাংলাদেশের পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাদ ও সোহেলের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওগুলো প্রথমে আলানার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়েছিল। সেখানে সাদ ও সোহেলের সাথে  নারীদের দেখা যায়। অন্য একটি ভিডিওতে গানের তালে নাচতেও দেখা যায় সাদকে। বড় ব্যবধানে হারের পর এমন ভিডিও সামনে আসায় বাংলাদেশি সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অনেকেই ধারণা করেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পরই দুই ফুটবলার নাইটক্লাবে গিয়েছিলেন।

তবে সাদ ও সোহেল এর আগেই একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভিডিওগুলো ইন্দোনেশিয়ায় ধারণ করা হয়নি। তাদের দাবি, জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তারা নেপালে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানেই আলানার সাথে তাদের পরিচয় হয়।

তারা বলেছিলেন, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সাথে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’

তবে আলানার নতুন বক্তব্যের সাথে তার আগের একটি পোস্টের পার্থক্য রয়েছে। এর আগে এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’ পরবর্তী সময়ে ওই পোস্টটি মুছে দেন আলানা।